সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬
বিনোদন ডেস্ক :: টেলিকম অপারেটর রবি টিভিতে ‘আয়নাবাজি’ প্রদর্শনের পর তার পাইরেটেড কপি বিপুর ভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। প্রযোজনা প্রতিষ্ঠানের অনলাইন তৎপরতায় পাইরেসি সীমিত করা হলেও সম্ভব হয়নি পুরোপুরি প্রচার বন্ধ করা।
তবে পাইরেটেড ‘আয়নাবাজি’ না দেখার আমন্ত্রণ জানাচ্ছেন নির্মাতারা। সোমবার দুপুরে ফেসবুক লাইভে আসেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি দর্শকদের অনুরোধ জানান, পাইরেটেড কপি না দেখার জন্য। বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে চাইলে হলে গিয়ে ছবি দেখার বিনীত অনুরোধ জানান এই নির্মাতা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে আহ্বান জানানো হয়, কোনো ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে আয়নাবাজির পাইরেটেড কপি দেখলেই পুলিশকে জানানোর। সোমবার সন্ধ্যায় ডিএমপির ফেসবুক পেজে এক পোস্টে দেশবাসীর কাছে এই আহ্বান জানানো হয়।
পোস্টে ডিএমপি জানায়, ‘আয়নাবাজি’ বাংলাদেশের অন্যতম সফল একটি চলচ্চিত্র। ইতোমধ্যে এ চলচ্চিত্র বেশ সফলতার সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। কিন্তু কিছু অসাধু মানুষ এই সিনেমা কপি করে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুকে Live দিয়ে যাচ্ছে, যা দেশের বিদ্যমান সাইবার আইন ও কপিরাইট আইনের পরিপন্থী।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ অভিযোগ পেয়েছে এবং রমনা থানায় সিনেমা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ইতোমধ্যে ফেসবুকে Live দেয়া কয়েকটি Profile শনাক্ত করেছে এবং যেসব Domain বা Website এ ওই সিনেমার কপি upload করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। ‘আয়নাবাজি’ চলচ্চিত্র নিয়ে উপরোক্ত বিষয়ে (Facebook Live/Website Upload) কারো কোনো তথ্য জানা থাকলে- cyberunit@dmp.gov.bd এই ইমেইলে জানানোর জন্য অনুরোধ করা হলো।’
অপরদিকে নির্মাতা ওয়াহিদ আনাম লিখেছেন, ‘আয়নাবাজি’ এমনই একটা সিনেমা, যেটা আবারো প্রমাণ করে দিলো- So Called Commercial সিনেমা বলতে কিছুই নেই। গল্প আর অভিনয় সুপারহিট, তো সিনেমা সুপারহিট। আয়নাবাজির মত একটা সিনেমা যদি পাইরেসির মুখে পরে, তাহলে সেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভয়ানক ক্ষতিকর হবে’।
তিনি বলেন, ‘আপনাদের হাতে যদি পাইরেসি ভার্সন চলেও আসে, তাহলে সেটার প্লে বাটন এ চাপ দেবার আগে নিজের বিবেককে একবার জিজ্ঞেস করে দেখবেন যে আপনিও দেশের এই ক্ষতিটা করতে অংশীদার হতে চান কিনা…?? আশা রাখছি উত্তর অবশ্যই ‘না হবে’। কারণ সিনেমা তো হল এ বসে দেখবার জায়গা, চোরের মত চুরি করে নয়। যে চুরি করে সে তো অবশ্যই চোর আর যে জেনেশুনে চুরি করা জিনিস ব্যবহার করে সেও কিন্তু এক ই…!
Design and developed by ওয়েব হোম বিডি