সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬
বিনোদন ডেস্ক :: ইতালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘অজ্ঞাতনামা’।
গত শনিবার আনুষ্ঠানিকভাবে তৌকীর আহমেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবিটি নিয়ে তৌকীর আহমেদ মুঠোফোনে বলেন, এই উৎসবের ছবিগুলোতে তারা মানবিকতাও খোঁজার চেষ্টা করে। ছবিটি যখন বাইরের দেশে প্রশংসিত হয় ও পুরস্কার জিতে নেয়, তখন নিঃসন্দেহে ভালো লাগে। আমার ছবিটি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পেছনে যে বিষয়টি কাজ করেছে, তা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড কো-এক্সিসটেন্স। আমার পুরস্কার প্রাপ্তির দিন ইতালির অনেক গণ্যমান্য বাঙালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই পুরস্কার নেয়াটা আমার জন্য ছিল খুবই আনন্দের। এদিকে ইতালির বাঙালিদের সম্মানে আগামীকাল সোমবার সন্ধ্যায় ত্রেন্তো শহরে ‘অজ্ঞাতনামা’ ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অন্যদিকে আগামী মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা করবেন তৌকীর আহমেদ।
উল্লেখ্য, মুক্তির পরই দেশের বাইরের দুটি উৎসবে অংশ নিয়ে বাজিমাত করে তৌকীর আহমেদের নতুন ছবি ‘অজ্ঞাতনামা’। কসোভোর চলচ্চিত্র উৎসব ‘দ্য গডেস অন দ্য থ্রোন’-এ সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার, ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার এবং ইতালিতে এ বছরের মে মাসে গালফ অফ নেপলস -ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্ট ২০১৬ তে জুরি অ্যাওয়ার্ড অর্জন করে ছবিটি। মুক্তির পর এবার তিন নম্বর পুরস্কারটি ঝুলিতে ভরে ‘অজ্ঞাতনামা’। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
Design and developed by ওয়েব হোম বিডি