সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮
মহসীন আলী নামে এক কৃষককে হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্তি জেলা ও দায়রা জজ জাকির হোসেন খান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত নূর বক্সের ছেলে জয়নুর (৪৫), ওয়াজ (৪৮), ছোটবুড়ো (৪৪), মওলা বক্সের ছেলে কুদ্দুস (৩৮) ও মসলেমের ছেলে লতিফ (৪০)।
আদালত সূত্র জানায়, গত ২০১৪ সালের ১৬ জানুয়ারি দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের কৃষক মহসীন আলীকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তৎকালীন তদন্তকারী কর্মকর্তা (এসআই) আমিনুল ইসলাম এক বছর পর তদন্তকাজ শেষে ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন।
পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্তি জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক জাকির হোসেন খান একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া মামলার বাকি ৯ আসামিকে বেকসুর খালাস দেন।
Design and developed by ওয়েব হোম বিডি