সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
আগামীকাল ৮ ফেব্রুয়ারি মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন এবং তিনি গ্রেফতার হলে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা নাশকতা চালিয়ে দেশে সরকার বিরোধী নৈরাজ্যের সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কায় ও পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠেছে। এরই ধারবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ-সংঠনের সক্রিয় নেতাকর্মীদের ধর-পাকড় শুরু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ২টার দিকে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর-শাহপুর গ্রামের বাসিন্দা মিতালী রেস্টুরেন্টের পরিচালক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম আহমদকে আটক করেছে থানা পুলিশ। সেই সাথে পৃথক অভিযানে জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রদল নেতা ও অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজরকে আটক করা হয়। আটককৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ৮ তারিখকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী নাশকতা মূলক কর্মকান্ডের প্রস্তুতি কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে তাদেরকে আটক করা হয়েছে।
এদিকে, জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ধর-পাকড় শুরু হওয়ায় গ্রেফতার আতঙ্কে দলের সক্রিয় নেতাকর্মীরা গা ঢাকা দিলেও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও দলের প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব দানকারী নেতা মির্জা আবুল কাশেম স্বপনকে মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজারে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি