সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা ৩৬টি মামলার কোনো ভিত্তি নেই। বর্তমান শাসকদল ‘রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে’ এসব মামলা দায়ের করেছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার ৫নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি রাজনীতিতে সক্রিয় বলে আমাকে ক্ষমতাসীনরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো তুলে নেয়া হয়। অসত্য, ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালিয়ে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়ে এসব মামলার আশ্রয় নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, আমাকে হেনস্তা করার ও জনগণের সামনে হেয় করার চেষ্টা হয়েছে, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি; হবেও না ইনশাআল্লাহ। বরং এসব করে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ, এ দেশের মানুষ অনেক সচেতন এবং তাঁরা সত্য ও মিথ্যার ফারাক সহজে বুঝতে পারে। তাই যতই মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে, তত বেশি মানুষের সহানুভূতি ও সমর্থন পাচ্ছি। জনগণ আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। মাননীয় আদালত, এ কারণে এসব অসত্য মামলায় আমরা মোটেও ভীত নই।
বিএনপির চেয়ারপারসন বলেন, আমাকে যতই মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে, তত বেশি মানুষের সহানুভূতি ও সমর্থন পাচ্ছি। জনগণ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।
খালেদা জিয়ার বক্তব্য শেষে বিচারক ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন।
এর আগে গত ৯ নভেম্বর খালেদা জিয়া তৃতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিনের জন্য আবেদন করলে তা খারিজ করে দেয় আদালত। পরে বিচারক আজ এ মামলার পরবর্তী সময়ে শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
Design and developed by ওয়েব হোম বিডি