সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
দেশে জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে বলে জানিয়েছে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৫ আগস্ট) দুপুরে নগরীর শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই-তিন দিন পরপর দুই থেকে চার ঘণ্টার যে লোডশেডিং হচ্ছে, তার জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল; যা জাহাজে করে আনার পর গ্যাসে রূপান্তরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মজুত ব্যবস্থা (স্টোরেজ) পর্যাপ্ত পরিমাণে গড়ে তোলা হয়নি অতীতে।
এসব কারণেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে বাসাবাড়ি, শিল্প-কলকারখানা ও নতুন বিনিয়োগের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কিছুটা সময় প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।
এ সময়টিকে ‘ট্রানজিশন টাইম’ হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সমস্যার কোনো তাৎক্ষণিক সমাধান নেই, বাস্তবে অবকাঠামো গড়ে তুলতেই সময় লাগবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ছাত্র-জনতা ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে ‘জুলাই আন্দোলন’ একটি বিশাল গতি পেয়েছিল, যার ফলে একটি সামাজিক শক্তির উত্থান ঘটে। প্রায় ৫০-৫৫ বছরের ব্যবধানে একই জাতি দুইবার গণতান্ত্রিক পরিবর্তনের জন্য জেগে উঠেছে, যা বিশ্বে বিরল দৃষ্টান্ত।
সিলেটে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে বর্তমানে দুটি বিসিক শিল্পনগরী রয়েছে, যাদের সম্মিলিত আয়তন প্রায় ৩০ একর। চলতি বছরই সিলেটে নতুন একটি বিসিক শিল্পনগরীর কাজ শুরু হবে, যার আয়তন হবে প্রায় ১৮৭ একর অর্থাৎ বিদ্যমান দুটি বিসিকের প্রায় ছয় গুণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণের মাধ্যমে সিলেটে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হবে।
এ সময় তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট -৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
এছাড়া অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও জুলাই যোদ্ধারাও উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি