সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মনসুর আলী (৩৩) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব-এডিটর ছিলেন তিনি।
শনিবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
নিহদ মনসুরের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কঠালপুর উত্তরপাড়ায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, দক্ষিণ বনশ্রীর ওই বাসায় মনুসর ছাড়াও আরো দু’জন ব্যাচেলর ভাড়া থাকতেন। অন্য দু’জন শনিবার রাতে বাসায় ফিরে দেখেন- মনুসর যে কক্ষে থাকেন তা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না পেয়ে তারা ‘৯৯৯’ কল করেন। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি বলেন, মনসুরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি