সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর বেলাবো উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার জঙ্গুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল-মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক ভৈরব থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর পাঁচ যাত্রীর মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান।’
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আহত এক যাত্রীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ওই যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।’
Design and developed by ওয়েব হোম বিডি