সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, বর্তমান তরুণ সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দেবে। তাই তাদের সুস্থ থাকা জরুরি। আর এ জন্য তরুণ-তরুণীদের নিয়মিত খেলাধুলা করতে হবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় এমপি ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
আবু জাহির বলেন, সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়মিত খেলাধুলা প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছে। হবিগঞ্জে আমরা আধুনিক স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে ভেন্যুর অভাব দূর করেছি। শারীরিকভাবে সুস্থ থাকা ও শরীর-মন ভাল রাখার জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন।
নিয়মিত নারীদের খেলাধুলা আয়োজন করার জন্য হবিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থায় অনুদান ঘোষণা করেন টানা চারবার নির্বাচিত এ এমপি।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, জেলা মহিলা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, মহিলা ক্রীড়া সংস্থার নেত্রী শিরিন রহমান তালুকদার প্রমুখ।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি