সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার (১৮ নভেম্বর) রাতে দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনটি জমা দেন। পরে কর্নেল (অব.) ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানতে পেরেছি। কিন্তু আদালত বলেছেন, একজন পলাতক আসামি হিসেবে তারেকের বক্তব্য কোথায়ও প্রচার হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদেও থাকতে পারেন না। তার স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ ও বক্তব্য প্রদান নির্বাচন আইনের লঙ্ঘন। এটা হতে পারে না। আশা করি, নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’
ফারুক খান বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আমরা দেখেছি, সুপ্রিম কোর্টে দিনভর নির্বাচনী প্রচার চালিয়েছেন। এটা আচরণ বিধির লঙ্ঘন। এই লঙ্ঘন নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। এটা চলতে থাকলে নির্বাচন আরো প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে হবে। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করেন ফারুক খান।
নির্বাচনের সময় ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ ডকুড্রামা মুক্তির বিষয়টি নির্বাচনী আইন লঙ্ঘন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি বিনোদনমূলক। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে এটি দেখছে। এখানে কোনো নির্বাচনী প্রচারণার বিষয় নেই।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার সকালে শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে এ বিষয়ে খতিয়ে দেখতে ইসির প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Design and developed by ওয়েব হোম বিডি