সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ (সোমবার) সারাদেশে বিক্ষোভ ডেকেছে দলটি।
রোববার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে এই বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছে বলে জানান চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।
শায়রুল কবির খান জানান, সোমবার (১৯ জুন) রাজধানী ঢাকার থানায় থানায়, সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দলীয় প্রধান এই কর্মসূচির সিদ্ধান্ত দিয়েছেন।
এদিকে, গতকাল রোববার দুপুরে কুমিল্লার জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনেও এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও আমাদের বাধা দেয়া হচ্ছে। এতেই বুঝা যায় সরকার কতটা স্বৈরাচার হয়ে উঠেছে।
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আহত হন। গাড়ি বহরে থাকা একজনের মাথা ফেটে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি