নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন আজ

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন আজ

Manual8 Ad Code
কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক আজো বাংলার প্রতিটি মানুষের মনের ঘরে প্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন। এদেশের চলচ্চিত্রে, নাটকে, গানে কিংবা সাহিত্যে অনেক তারকা শিল্পীই আছেন। কিন্তু সবার মধ্যমণি হয়ে আছেন নায়করাজ। তার প্রাণবন্ত ও সাবলীল অভিনয় আজো সবার হৃদয়পটে দৌলা দেয়।
বয়সের ভারে ন্যুব্জ বাংলা চলচ্চিত্রের এই কীর্তিমান অভিনেতার ৭৬তম জন্মদিন আজ (২৩ জানুয়ারি)। একটা সময় বেশ ঘটা করে রাজ্জাকের জন্মদিন পালন করা হতো। নাম্বার ওয়ান নায়ক থাকার সময় তার বন্ধু-সহকর্মীরাই সব আয়োজন করতেন।
এখন আর সেভাবে হয়ে ওঠেনা, বিশেষ এই দিনে তবুও থাকে ভিন্ন আমেজ ভিন্ন আবহ। বাংলাদেশি চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই অভিনেতার এবারের জন্মদিন কাটবে তার গুলশানের বাসাতেই। তিন ছেলে-ছেলের বউ, মেয়ে-মেয়ের জামাই, নাতি-নাতনি, সহধর্মিণী সবাইকে নিয়েই দিনটি কাটাবেন রাজ্জাক। এবার দেশের বাইরে থেকেও এসেছেন কয়েকজন আত্মীয়। তারাও শামিল হচ্ছেন এ আয়োজনে। তার জন্মদিনকে ঘিরে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
রাজ্জাকের জীবনে কোনো অপ্রাপ্তি নেই। শত ব্যস্ততার মাঝেও সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন বলে গর্ববোধ করেন তিনি। তিন ছেলের মধ্যে দু’জন (বাপ্পারাজ ও সম্রাট) অভিনয়-পরিচালনায় জনপ্রিয়তা পেয়েছেন, বাবার সুনাম রাখছেন তারা।
নিজের জন্মদিনকে ঘিরে রাজ্জাক বলেন, ‘‘এই বাংলায় যদি আবার জন্ম হয় তাহলে নায়ক হয়েই জন্ম নিতে চাই।’’ তিনি বলেন, ‘‘আল্লাহর রহমতে এই মুহূর্তে শারীরিকভাবে বেশ ভাল আছি। সবাই দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকতে পারি। জন্মদিনে আমার ভক্ত দর্শক, সহকর্মী সর্বোপরি চলচ্চিত্র পরিবারের সবার কাছে আমি দোয়া চাই।’’
রাজ্জাকের জন্ম কলকাতার সিনেমাপাড়া টালিগঞ্জে। অর্থাৎ জন্মের পর থেকেই অভিনয়ের সঙ্গে সখ্যতা। মঞ্চের সঙ্গে জড়িত থাকলেও স্বপ্ন ছিল সিনেমাকে ঘিরে। টালিগঞ্জের সিনেমাশিল্পে তখন ছবি বিশ্বাস, উত্তম কুমার, সৌমিত্র, বিশ্বজিতদের যুগ। সেখানে হালকা-পাতলা সাধারণ রাজুর অভিনয় সুযোগ পাবার কোনো সম্ভাবনাই ছিল না।
১৯৬৪ সালের কথা। শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। সেই উত্তাল সময়ে নতুন জীবন গড়তে একজন সাধারণ মানুষ আবদুর রাজ্জাক স্ত্রী ও শিশু সন্তান বাপ্পাকে নিয়ে ঢাকায় এসেছিলেন শূন্য হাতে। অমানুষিক জীবন সংগ্রামের পর সফল হয়ে আজকের নায়করাজ উপাধি পেয়েছেন, চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী হয়েছেন, এটা যে কারো কাছেই গল্প বলে মনে হতে পারে। মনে হওয়াটাই স্বাভাবিক। রাজ্জাক অসীম মনোবল, অমানষিক পরিশ্রম আর মমতার মাধ্যমে ঠিকই নিজের লক্ষ্যে পৌঁছেছেন।
১৯৬৬ সালে এ দেশের মুক্তি পেল তার অভিনীত ‘বেহুলা’। ছবিটি সুপারহিট। বাংলাদেশের চলচ্চিত্র পেল একজন নায়ক, যিনি পরবর্তী সময়ে এ দেশের চলচ্চিত্র শিল্পের অপরিহার্য নায়কে পরিণত হন। ঢাকার সিনেমা হলগুলোতে তখন পাক-ভারতীয় ছবির দাপট। ভারতের রাজকাপুর, দিলীপ কুমার, নার্গিস, পাকিস্তানের মোহাম্মদ আলী, জেবা, সুধির, শামীম আরা, ওয়াহিদ মুরাদ এবং কলকাতার ছবি বিশ্বাস, উত্তম কুমার, সুচিত্রা সেন, বিশ্বজিৎ, সৌমিত্রদের ছবির সঙ্গে পালা দিয়ে চলতে শুরু করল ঢাকার নির্মাতাদের নির্মিত ছবি।
আব্দুল জব্বার খান, রহমান, শবনম, খলিল, ফতেহ লোহানী, খান আতা, সুমিতা দেবী, আনোয়ার হোসেন, সুচন্দাদের সঙ্গে যোগ হলো আরো একটি নাম ‘রাজ্জাক’। দেশ স্বাধীন হওয়ার আগে এখানে নির্মিত বেশিরভাগ ছবির নায়ক রাজ্জাক। দুই ভাই, আবির্ভাব, বাঁশরী, এতটুকু আশা, নীল আকাশের নীচে, যে আগুনে পুড়ি, পায়েল, দর্পচূর্ণ, যোগ বিয়োগ, ছদ্মবেশী, জীবন থেকে নেয়া, মধুর মিলন ইত্যাদি ছবির সাফল্যে রাজ্জাক হয়ে ওঠেন চলচ্চিত্রের অপরিহার্য নায়ক।
দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে পাক-ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ হলে নতুন দেশের চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার দায়িত্ব যাদের উপর বর্তায় তাঁদের একজন রাজ্জাক। রহমান, আজীম, আনোয়ার হোসেনের সঙ্গে হাতে হাত রেখে, রাজ্জাক পথ চলতে শুরু করেন। ১৯৭৭ সালে রাজ্জাক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনেতা হিসেবে ব্যস্ততা আর জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময়ই রাজ্জাক গড়ে তোলেন প্রযোজনা সংস্থা ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’। এই সংস্থা থেকে তিনি প্রযোজনা করেন ২০টি ছবি।
একজন আবদুর রাজ্জাক থেকে নায়করাজ রাজ্জাক-সেদিনের কমলাপুরের ছোট্ট ঘর থেকে গুলশানের আলিশান বাড়ি, অর্থ, যশ, খ্যাতি, সম্মান, দর্শকদের অকৃত্রিম ভালোবাসা, চলচ্চিত্রের প্রতিটি মানুষের শ্রদ্ধা স্নেহ-ভালোবাসায় যে নায়কের জন্ম সেই রাজ্জাক এই অবস্থানে আসার পেছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি তার অশেষ কৃতজ্ঞতা আজো অসীম। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক।
এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা। এছাড়াও, রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন। কিন্তু তার কাছে আজো দর্শক-ভক্তের ভালোবাসাই সেরা পুরস্কার। আজ তার জীবনের সাথে যুক্ত হলো আরেকটি নতুন বছর।
পূর্বপশ্চিমের পক্ষ থেকে কিংবদন্তী এই অভিনেতার জীবনকাব্যের এই শুভক্ষণে নিরন্তর শুভেচ্ছা।
একনজরে রাজ রাজ্জাক
পুরো নাম : আব্দুর রাজ্জাক
ডাকনাম : রাজু/রাজা/আলতা
জন্ম তারিখ : ২৩ জানুয়ারি ১৯৪২
জন্মস্থান : নাগতলা, টালিগঞ্জ, কলিকাতা
পিতার নাম : আকবর হোসেন
মাতার নাম : নিসারুন নেসা
ভাইবোন : তিন ভাই, তিন বোন রাজ্জাক সবার ছোট
স্কুল জীবন : খানপুর স্কুল
কলেজ জীবন : চারুচন্দ্র কলেজ
প্রথম ক্যামেরার সামনে : কলকাতার ‘শিলালিপি’ নামে একটি ছবিতে
অভিনয়ে হাতেখড়ি : রঙ্গসভা নাট্যদলের হয়ে
বিয়ে করেন : ১৯৬২ সালে
স্ত্রীর নাম : খায়রুন নেসা (লক্ষ্মী)
ঢাকায় আগমন : ১৯৬৪
প্রথম অবস্থান : ঢাকার কমলাপুর
সন্তান : তিনপুত্র বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং দুই কন্যা শম্পা ও ময়না।
নায়ক হিসেবে প্রথম চবি : বেহুলা
অভিনীত ছবির সংখ্যা : প্রায় ৬০০
প্রথম প্রযোজিত ছবি : আকাঙক্ষা
প্রথম পরিচালিত ছবি : অনন্ত প্রেম
সেরা প্রাপ্তি : ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়া।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code