সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্ট কোনো অবস্থাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন বয়কট করবে না বলে জানিয়েছেন জোটের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট এ মহাসমাবেশের আয়োজন করে। মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন।
বিএনপিসহ অন্যান্য শরিকদের উদ্দেশ্য করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, একবার বয়কট করে ভুল করেছি। আর নির্বাচন বয়কট করা যাবে না। শেষ পর্যন্ত নির্বাচনে থেকে লড়ে যেতে হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করে ড. কামাল হোসেন বলেন, নির্বাচনে ওরা (আওয়ামী লীগ) যত রকম ১০ নম্বরি করার করুক, আমরা ভোট দেবো, ভোটে থাকব। হাজারে হাজারে ভোট দেবো। সবাই ভোট কেন্দ্রে থাকব।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, সরকার সংবিধানের কথা বললে আমার হাসি পায়। এই সরকারের ক্ষমতায় থাকাই অসাংবিধানিক। সকাল, দুপুর, রাত সংবিধান লঙ্ঘন করছে। কোথায় লেখা আছে, ঘোষণা দিয়ে এমপি (সংসদ সদস্য) হওয়া যায়। এই সরকারে বেশির ভাগ এমপি বিনা ভোটে নির্বাচিত।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা নয়, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার জন্যই জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলন করছে। ওইখানেই নিহিত আছে গণতন্ত্রের স্বাধীনতা। বিচার বিভাগের যদি কোনো স্বাধীনতা না থাকে তাহলে কোথাও কোনো স্বাধীনতা থাকবে না।
ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, সরকার ইচ্ছেমতো বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আমি বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য আপনাদের আন্দোলন করার জন্য আহ্বান জানাব। ওইখানেই নিহিত আছে গণতন্ত্রের স্বাধীনতা। বিচার বিভাগের যদি কোনো স্বাধীনতা না থাকে তাহলে কোথাও কোনো স্বাধীনতা থাকবে না।
মির্জা ফখরুল আরো বলেন, এই নির্বাচনে যদি গণতন্ত্রকামী মানুষ জয়ী হতে না পারে চিরতরে বিচার ব্যবস্থা চলে যাবে একটা দলের হাতে। গণতন্ত্র চলে যাবে একটা দলের হাতে সেই কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, এই মানুষটি সত্য কথা বলেছেন এবং তিনি রায়ও দিয়েছেন সত্যভাবে। সেজন্য তাঁকে এই সরকার দেশ থেকে জবরদস্তি বের করে দিয়েছে। তাঁকে দেশত্যাগ করতে বলেছে।
Design and developed by ওয়েব হোম বিডি