সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে হবিগঞ্জে এসেছেন মালয়েশিয়ান এক তরুণী স্মৃতি নূর ফাতিম। মন দেওয়া-নেওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রেমিক ইঞ্জিনিয়ার আব্দুর রকিব খান রাজার সঙ্গে।
আব্দুর রকিব খান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের কবির পুর গ্রামের বাসিন্দা।
আব্দুর রকিব জানান, তিনি প্রায় ৭ বছর আগে ডিপ্লমা শেষ করে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন একটি চাকরিও করতেন। ওই সময় তার সঙ্গে পরিচয় হয় স্মৃতি নূর ফাতিম নামে তরুণীর।
তাদের এই পরিচয় একটা সময় পর পরিণয়ে রূপ নেয়। চার বছরে দুইজনের মধ্যকার প্রেমের সম্পর্ক আরও গভীরতা পায়। শেষ পর্যন্ত ভালোবাসার টানে বাবা-মাকে ছেড়ে উড়ে আসেন হবিগঞ্জে। সেই জেরেই এখানে এসে রকিব খান রাজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্মৃতি নূর ফাতিম। বর্তমানে বিয়ে করে তারা হবিগঞ্জ শহরে নিজ বাড়িতে অবস্থান করছেন। কিছুদিন পর রাজা ফের মালয়েশিয়া চলে যাবেন এবং ফাতিম বাংলাদেশে থাকবেন। মালয়েশিয়ায় লেখাপড়া শেষে রাজা পুনরায় দেশে ফিরলে তারা দু’জনে মিলে বাংলাদেশে স্থায়ীভবে বসবাস করার সিদ্ধান্ত নেন এই নব-দম্পতি।
রাজার পরিবারও নূর ফাতিমকে আনন্দ উৎসবের মাধ্যমেই বরণ করে নেন। এক সপ্তাহ আগে হবিগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে খুশি আব্দুর রকিব খানের গোটা পরিবার, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
বিয়ের পর আব্দুর রকিব বলেন, এই বিয়ে নিয়ে আমার ভাই-বোন ও মা আত্মীয়-স্বজন সবাই খুব খুশি। স্মৃতি নূর ফাতিম আবারও প্রমাণ করলো, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা, ধর্ম ও ভাষা মানে না। সে বাংলাদেশে এসেছে আমার জন্য, তার পরিবার ছেড়েছে, আমার দেশে এসে বিয়ে করেছে। তার এই ভালোবাসা অবশ্যই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
বিয়ের পর স্মৃতি নূর ফাতিম বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। গত সপ্তাহে বিয়ে করেছি। স্বামী চাইলে তাকে নিয়ে নিজ দেশ মালয়েশিয়ায় আর ফিরতে চান না নূর ফাতিম। স্বামীর সঙ্গে এদেশে নতুনভাবে নিজ ক্যারিয়ার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। তার স্বামী রাজা এখন একজন ইঞ্জিনিয়ার। তবে বাংলাদেশ এবং হবিগঞ্জ তার ভীষণ ভালো লেগেছে। তার শাশুড়ি মা তাকে পছন্দ করায় এবং পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেওয়ায় তিনি অনেক খুশি এবং আনন্দিত। শাশুড়ির সঙ্গে সংসারের কাজ করতে চান।
রাজার মা জানান, ভাবতেও পারিনি স্মৃতি নূর আমাদের সঙ্গে এতো সহজে মিশে যেতে পারবে। বিদেশি বউমা পেয়ে আমরা সবাই খুশি। অল্পসময়ের মধ্যেই সে সবাইকে আপন করে নিয়েছে।
এদিকে মালয়েশিয়ার মেয়ে স্মৃতি নূর ফাতিম অর্থাৎ ভিনদেশী এই নববধূকে দেখতে এখন রাজার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। ভাষাগত সমস্যা থাকলেও মা, ভাই-বোনদের সঙ্গে এরই মধ্যে বেশ সখ্যতা গড়ে তুলেছেন ফাতিম। তবে ফাতিমের সঙ্গে সবার কথোপকথনে দোভাষীর কাজ করছেন হবিগঞ্জের ছেলে অব্দুর রকিব খান রাজা।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি