সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ঃ
বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে খুনের পর তাঁর কার্ড দিয়েই শপিং করে খুনি টাইরিস হাসপিল। নৃশংস এ খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশ যখন মরিয়া তখন গার্লফ্রেন্ডকে নিয়ে সময় কাটাচ্ছিল সে। প্রস্তুতি নিচ্ছিল জন্মদিন উদযাপনের। এ জন্য খুনের দুদিনের মাথায় বান্ধবীর ২২তম জন্মদিন উদযাপনের জন্য ২২ লেখা দুটি বেলুন কেনে সে।
শনিবার প্রকাশিত ভিডিওতে ঘাতক টাইরিস হাসপিলকে শপিংয়ে যাওয়ার জন্য ক্যাব খুঁজতে দেখা যায়। কিছুক্ষণ পর সামান্য এগিয়ে ফাহিমের ক্রেডিট কার্ড দিয়ে ২২ লেখা দুটি বেলুন কেনে সে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফাহিম সালেহকে হত্যার পর খুনি টাইরিস হাসপিলকে ওই তরুণীর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। অন্যান্য কেনাকাটার পাশাপাশি বান্ধবীর জন্মদিনের বেলুনও কেনে ২১ বছরের নৃশংস এই খুনি।
নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নিউ ইয়র্ক পোস্টের কাছে এই খুনিকে ‘আমেরিকার নতুন সাইকো’ হিসেবে আখ্যায়িত করেছেন। ১৭ জুলাই মধ্যরাতে ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টে হাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় প্রসিকিউটররা জানান, ইতিমধ্যেই খুনিকে দোষী প্রমাণের জন্য ‘পর্যাপ্ত আলামত’ পাওয়া গেছে।
ম্যানহাটনের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড বলেন, ভিডিওতে হাসপিলকে একটি হোম ডিপো থেকে করাত ও পরিষ্কার করার উপকরণ কিনতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে সে উপকরণগুলোই সংগ্রহ করা হয়েছে। নজরদারি ক্যামেরা ফুটেজে হত্যাকারীর গায়ে যেমন পোশাক ছিল, সে রকম পোশাক হাসপিলের ব্রুকলিনের বাড়িতে পাওয়া গেছে। এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতেও ঘটনাস্থলেও তার উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন তদন্তকারীরা।
লিন্ডা ফোর্ড বলেন, এ মামলার ক্ষেত্রে বিস্তর প্রমাণ রয়েছে। অপরাধ সংঘটনের আগে ও পরে তাকে নজরদারি ক্যামেরায় দেখা গেছে। ভিডিও দেখে অন্তত দুজন ব্যক্তি তাকে শনাক্ত করতে পেরেছে। ফোর্ড আরো অভিযোগ করেন, ১৩ জুলাই দুপুর প্রায় পৌনে ২টার দিকে লিফটে করে ফাহিমের পিছু নেয় মাস্ক পরিহিত হাসপিল। লিফটটি ফাহিমের ফ্ল্যাটে পৌঁছানোর পরপরই তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এরপর মরদেহ অ্যাপার্টমেন্টের ভেতরে রেখে সেখান থেকে চলে যায় হাসপিল। পরদিন হোম ডিপো থেকে করাত ও অন্যান্য জিনিসপত্র কিনে আবারও ওই অ্যাপার্টমেন্টে যায় সে।
ফাহিমের কাছ থেকে আগে ৯০ হাজার ডলার চুরি করেছিল হাসপিল। ফাহিম তখন তাঁকে নিজের প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। বরং হাসপিল যেন কিস্তিতে টাকাটা ফেরত দিতে পারে, তার পথ দেখিয়ে দিতে চেয়েছিলেন তিনি।
১৪ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিম সালেহর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৭ জুলাই এ ঘটনায় গ্রেপ্তার করা হয় তাঁর সাবেক ব্যক্তিগত সহকারী হাসপিলকে।
Design and developed by ওয়েব হোম বিডি