সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬
সুনামগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, দিরাই শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সারা বিশ্বে জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিনিয়ত বেড়েই চলছে। মক্কাশরিফের মতো পবিত্র স্থানে জঙ্গি হামলা হচ্ছে। মসজিদ, মন্দিরও তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না।
রোববার দুপুরে দিরাই উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন- আমাদের দেশেও জঙ্গি হামলা হচ্ছে। কিবরিয়া সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তেমনিভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে দিরাই বাজারে দিনের আলোতে আমার জনসভায় হামলা করা হয়েছিল। কিন্তু অল্পের জন্য আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পাই। নিরাপত্তাবেষ্টিত ঢাকার অভিজাত গুলশান এলাকায় যেভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন মানুষ অন্য একজন মানুষকে এমন নির্মমভাবে হত্যা করতে পারে ভাবতেই অবাক লাগে। জঙ্গি-সন্ত্রাসীদের কোনো দল নেই, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। জঙ্গি ও সন্ত্রাস রোধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিরাই পৌর মেয়র মো. মোশাররফ মিয়া, দিরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার ছুরত আলম, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সুহেল আহমদ, সিরাজদৌলা, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রেজুয়ান খান, শিবলী আহমেদ বেগ, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, সহ-সভাপতি জুবের সরদার দিগন্ত, সহ-সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি