সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
মাধবপুর প্রতিনিধি :
বিদেশ ফেরৎযাত্রী নিয়ে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকানাদি গ্রামের আব্দুল হান্নানের ছেলে প্রবাসী সালাম মিয়া (৩৫), একই উপজেলার মাদানগর গ্রামের আতিকুর রহমান শিহাব (১৩), সাফিয়া বেগম (২০) ও তার এক বছরের সন্তান হাবিবা জান্নাত এবং দশভাগ গ্রামের মাইক্রোবাসের চালক সাদির আলী (৩৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজার কুলাউড়া যাবার পথে ভোর ৪টার সময় শাহপুর নামকস্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং আহত হন আরও ৬জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠালে সেখানে আরও দুজন মারা যায় বলে জানান নিহতের স্বজনরা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে সিলেটে প্রেরণ করে।
(সুরমামেইল/এমএ/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি