সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩
মাধবপুর প্রতিনিধি :
মাকে হত্যার ১৯ বছর পর ছদ্মবেশী দীপু সরকার (৪৫) ধরা পড়লেন হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের হাতে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় এ তথ্য জানায় পুলিশ।
গ্রেফতার দীপু মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজ মোহন গোস্বামীর ছেলে।
পুলিশ জানায়, মা রওশন বালা সরকারকে হত্যার অভিযোগে ২০০৪ সালে মাধবপুর থানায় দীপু সরকারের নামে মামলা দায়ের করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
অবশেষে বৃহস্পতিবার দিনগত রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার রায় ও শুভ দে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দীপু তার মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি। তবে এ হত্যা মামলার বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি ১৯ বছর ধরে সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন। ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে ১৯ বছর কাটিয়েছেন বিভিন্ন মাজার ও আখড়ায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীপু মাঝে একবার কিছু দিন কারাবাস করেছেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন।
(সুরমামেইল/এনএ/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি