সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। রোববার (০৪ জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালক ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার মো. আজির হোসেনের ছেলে জিয়াউল হক (৩৬) এবং আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৬৪)।
জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। পথে সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যান। এ সময় বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তবে তাতে বাসের কোনো যাত্রী আহত হননি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা জানিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, বাসটি উদ্ধার করে জব্দ করা হলেও বাস চালক পালিয়ে গেছে বলে জানান ওসি কামাল।
(সুরমামেইল/এসজিএন)
Design and developed by ওয়েব হোম বিডি