সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি (৪৯) সোমবার সকালে তার উত্তরায় বাসায় মারা গেছেন। সে সময় তাকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। আশি ও নব্বই দশকের জনপ্রিয় শিল্পীদের একজন তিনি।
এ শিল্পীর খালাতো ভাই চিত্রনায়ক নাঈম আজ ১৯ ফেব্রুয়ারি দুপুরে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবা তানি দীর্ঘদিন যাবৎ নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন। গত রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন।
কাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন করে পাননি। শেষে আজ সকালে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে আত্মীয়রা বাসায় ঢোকেন। এ সময় সবাই তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
শিল্পীর একমাত্র ছেলে এখন লন্ডনে আছেন। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই ও দুই বোন রেখে গেছেন।
বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন সাবা তানি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’।
Design and developed by ওয়েব হোম বিডি