সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়েছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও অনিয়মরোধে যে শুদ্ধি অভিযান চলছে, তা সারা দেশেই ছড়িয়ে যাবে। শুধু যুবলীগ বা ছাত্রলীগের প্রশ্ন নয়, আওয়ামী লীগেরও যারা অনিয়ম, দুর্নীতি করবে- তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নিয়েছে দুদক।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অন্যায়-অনিয়ম বা দুর্নীতিতে প্রশাসন বা রাজনীতির কেউ যদি মদদ দিয়ে থাকেন, তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। কোনো গডফাদারই ছাড় পাবে না। যারা আগামীতে এসব অপকর্ম করবেন, তাদের জন্য এটা সতর্কবার্তা।
তিনি আরও বলেন, অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে।
বেলা ১২টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিমানবন্দরে পৌঁছালে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।
এসময় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
পড়ুন » সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন ওবায়দুল কাদের
পরে সিলেটের দুই অলি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। শেষে সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে বিশ্রাম শেষে বেলা ৩টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেট পৌঁছেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি