সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়। তাদেরকে আমরা স্বাগত জানাই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোনভাবেই দলে রাখা যাবে না।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি পরিদর্শন শেষে, তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫শ’ জন অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করেছেন। সেই তালিকা বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে হস্তান্তর করেছি। সারাদেশে নতুন করে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসছে। নতুন নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী, তথা বিতর্কিত-অপকর্মকারী লোকজন আসতে না পারে, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের কথা উল্লেখ করে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য সরকার মাঠঘাট বেঁধেই নেমেছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সড়ক পরিবহন আইন করা হয়েছে। দেশে এখন আর অবকাঠামোগত কোন সমস্যা নেই; যথেষ্ট উন্নয়ন হয়েছে। শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোন মুল্য নেই।
Design and developed by ওয়েব হোম বিডি