সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রায় ৬ বছর পূর্বে জীবিকার তাগিদে, উন্নত আগামীর স্বপ্নে সাউথ আফ্রিকায় পাড়ি জমান সিলেটের জুবের আহমদ (২৭)। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজ তিনি পৃথিবী থেকেই বিদায় নিয়ে চলে গেলেন। তিনি নগরীর শেখঘাট শুভেচ্ছা আবাসিক এলাকার ২১৭ নং বাসার বাসিন্দা জামিল আহমদের পুত্র। ৩ ভাই ৪ বোনের মধ্যে জুবের ছিলেন ৬ষ্ঠ।
জানা যায়- রাজধানী কেপটাউন থেকে প্রায় ৮শ’ কিলোমিটার দূরে নর্দার্ন কেপ অঙ্গরাজ্যের আফিংটন শহরে থেকে ব্যবসা করতেন নিহত জুবের। নগরীর শেখঘাটের অধিবাসী সালেহ আহমেদ নামের এক ব্যক্তির সাথে অংশীদারী ভিত্তিতে একটি গ্রোসারী দোকান চালাতেন জুবের। বুধবার (২৭ এপ্রিল) সাউখ আফ্রিকার স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে আফিংটন শহরের কেন্দ্রস্থল থেকে ৫ কিলোমিটার দূরে একটি প্রাইভেট কারে করে জুবেরসহ নিহত ৩ জন অন্যত্র যাচ্ছিলেন। পথিমধ্যে অপর একটি প্রাইভেট কারের সাথে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জুবের সহ তার গাড়ীতে অবস্থানকারী ৩ জন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রিজটন হাসপাতালে পাঠায়। নিহত অপর বাংলাদেশী কুমিল্লার অধিবাসী বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি