সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ আজ বৃহস্পতিবার।
রায়কে কেন্দ্র করে সিলেটে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তবে বিএনপি বলছে, রায় যাই হোক শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবে। আওয়ামী লীগের মাঠে থাকার কোনো কর্মসূচি না থাকলেও প্রয়োজনে জান মালের নিরাপত্তা দিতে মাঠে নামতে পারে বলে জানানো হয়।
এদিকে নাশকতা এড়াতে সিলেট জেলার জন্য ৪ প্লাটুন ও মহানগরীর জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও কাজ করে যাবে।
পুলিশের আশঙ্কা, রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে বিএনপির পাশাপাশি জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও মাঠে নামতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় চোরাগোপ্তা হামলা হতে পারে। আর এ জন্যই সিলেটে পুলিশ সাঁড়াশি অভিযানে নেমেছে।
এদিকে সিলেট নগর বিশেষ শাখা থেকে এসএমপির ৬টি থানায় ২০১৩ থেকে ২০১৫ সালের জামায়াত-বিএনপির নাশকতা মামলার অগ্রগতির তথ্য ও নাশকতা মামলার আসামিদের বর্তমান অবস্থান সম্পর্কে সার্বিক তথ্য নেয়ার কাজ চলছে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকবো। কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, বৃহস্পতিবার মাঠে নামার কোনো কর্মসূচি আমাদের নেই। কেউ বিশৃঙ্খলা করলে তো আর ঘরে বসে থাকবো না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য সর্তক অবস্থানে থাকবে পুলিশ। বিভিন্ন পাড়া-মহল্লা ও বিএনপি জামাতের শক্ত অবস্থান যে সসকল এলাকায়, সেসব স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সিলেটের ৬টি থানার ওসিদেরকে সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সিলেটের প্রবেশ পথে পাহারা চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। আবাসিক হোটেলগুলোয় অতিথিদের অবস্থানের ক্ষেত্রে বিশেষ নজরদারি করা হচ্ছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। নাশকতা এড়াতে পুলিশের অভিযান অব্যাহত আছে। যারাই নাশকতার চেষ্টা করবে, আইন নিজের হাতে তুলে নেবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়া হবে না।
Design and developed by ওয়েব হোম বিডি