সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জ পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের নেত্রী চুমকি বেগম খুন হয়েছেন। নিহত চুমকি বেগম সুনামগঞ্জ শহরের পশ্চিম তেহরিয়ার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়- বৃহস্পতিবার রাত ১১টার দিকে চুমকি বেগম ও মাহিম ইসলাম স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল আল হেলালের ১০১ নম্বর রুম ভাড়া নেন। সকাল ৭টার দিকে তার স্বামী মাহিম ইসলাম নাস্তা আনার কথা বলে বাহিরের দিক থেকে রুম তালা দিয়ে যায়। এরপর সকাল ১১টা পর্যন্ত ওই রুম তালা দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই রুমের তালা ভেঙ্গে দেখে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ বিছানায় পড়ে আছে। পুলিশ ধারণা করছে শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটে থাকতে পারে। তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে ঘাতক স্বামী।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো: হারুনুর রশীদ চৌধুরী জানান- হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে এসে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি তরুণীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় তার মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তার রাজনৈতিক কোনো পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নি।
জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী জানান, চুমকি বেগম বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন বলে নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি