সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে সাংবাদিক গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত মাই টিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ সময় উভয়পক্ষে প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতারা জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শহরের শায়েস্তানগর এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নেতাকর্মীরা ফেরার পথে পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর গুলি ছুড়ে। এতে আমাদের দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে সংঘর্ষ চলাকালে দেশ টিভির জেলা প্রতিনিধি আমির হামজা ও মাই টিভির প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ গুলিবিদ্ধ হন। নিরঞ্জন গোস্বামী শুভ চোখে গুলিবিদ্ধ হওয়ার কারণে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সাজোয়াযানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান জানান, মানববন্ধন শেষে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি