সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের আগে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান রাজনীতিতে আসছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩১ মে) দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সাকিব আর মাশরাফি এদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্বকাপের আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে তাদের কোনো কথা নেই।’
তিনি বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কিছু চমক আছে। সেটা এখনো কোনো চূড়ান্ত রূপ নেয়নি। অনেকের আবেদন আছে, আগ্রহ আছে। সাংস্কৃতিক, ক্রীড়া ও গণমাধ্যম- এসব ক্ষেত্র থেকে অনেকের আগ্রহ আছে।
জাতীয় দলের খেলোয়াড়দের মনোনয়ন দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বকাপের পরেই দেখা যাবে তারা কে কে নির্বাচন করবেন? কীভাবে করবেন, কোন আসন থেকে করবেন? এগুলো আলাপ আলোচনার পর্যায়ে চলছে। বিশ্বকাপের আগে তারা মনস্থির করেননি।
তিনি আরো বলেন, ‘আর আমরা যাকেই মনোনয়ন দেব, তাকে অবশ্যই জয়ী হওয়ার মতো অবস্থায় থাকতে হবে। এই ব্যাপারে সবার নামের তালিকা নেত্রীর কাছে আছে।’
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি বলেছেন, তারা (সাকিব-মাশরাফি) আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছেন। তিনি বলেছেন, ওরা প্রার্থী হলে তিনি ভোট দেবেন।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি