সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৮
ঐক্যবদ্ধ থাকলে আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেন, এক এগারোর সময় নেতারা যে সাহস দেখাতে পারেনি, নেত্রীর মুক্তি আন্দোলনে সে সাহস দেখিয়েছিল। আওয়ামী লীগ এখনো কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। কারণ আগামী জাতীয় নির্বাচনে দল বিজয়ী হলে সরকারের অর্জন স্থায়ী রূপ পাবে।
তিনি বলেন, আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের কোন্দলকে প্রশ্রয় দেয়া যাবে না। ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে।
সোমবার (১১ জুন) রাজধানীর একটি ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুব শিগগিরই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দলের নেতা-কর্মীদের এক সূরে কথা বলা উচিত। সব নেতাদের সব বিষয়ে কথা বলা ঠিক নয়।
তিনি বলেন, জোটের রাজনীতিতে নানা কৌশল আছে। তাই কোন বিষয়ে না জেনে কোন নেতার কথা বলা না বলাই ভালো। এতে দলেরই ভালো হবে।
বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কাদের বলেন, সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেল দেয়নি। আদালত বিচারের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।
তাই বেগম জিয়ার মুক্তি দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার। এ বিষয়ে সরকারের কিছুই করার নেই।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি