সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রদল নেতাকে ইউনিয়ন যুবলীগের আহবায়ক করা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে কমিটি গঠনের এক দিনের মধ্যে যুগ্ম-আহবায়কসহ ১১ সদস্যের পদত্যাগের ঘটনায় তোলপাড় চলছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। রাজিব তালুকদারকে আহবায়ক ও আজমল হোসেন মিঠুকে যুগ্ম-আহবায়ক করে নতুন এ কমিটি গঠন করে দেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন।
এদিকে, কমিটি গঠনের এক দিনের মাথায় ২১ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে উক্ত কমিটির যুগ্ম-আহবায়ক আজমল হোসেন মিঠু তাঁর পদত্যাগ পত্র জমা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পদত্যাগ কৃত রাণীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন মিঠু বলেন, দুঃখজনক হলেও সত্যি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ছাত্রদল নেতাকে যুবলীগের আহবায়ক করা হয়েছে।
এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কারণে বাধ্য হয়ে আমিসহ ১১ জন নেতাকর্মী পদত্যাগ করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন বলেন, রাজিবকে নিয়ে অযথা অপ-প্রচার করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি