সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
রাজধানীর প্রীতম জামান টাওয়ারের আগুনের ঘটনা উদ্দেশ্যমূলক। ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এখানে আগুন দেয়া হয়েছে বলে আমরা ধারণা করছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম।
লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ভবনটির ৮ তলায় আগুন লাগলেও ঐক্যফ্রন্টের কার্যালয় তৃতীয় তলায়।
লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস।
Design and developed by ওয়েব হোম বিডি