সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তারা বলেছেন, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সামনেই কঠোর কর্মসূচি আসবে।এরজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি আর সম্ভব নয়। তাই তাকে কারামুক্ত করতে এখন কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বলে বক্তাদের কণ্ঠে উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই।প্রতিদিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫০ থেকে ৬০ জন মানুষ মারা যাচ্ছে। সরকার গ্যাস বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। সরকারের সবাই লুটেরা। মেঘা প্রকল্পের নামে মেঘা লুট হচ্ছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা ২ বছরের বেশি সময় ধরে এদেশে আছে। একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি সরকার।
এসময় খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য নেতা কর্মীদের আহবান জানান ফখরুল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকার ক্ষমতায় থাকলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না। তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। তাই আগে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। পরে খালেদা জিয়ার মুক্তি আর দেশে ফিরবেন তারেক রহমান।
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আদালতের উপর রাজনৈতিক প্রভাবের কারনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না। রাজপথে আন্দোলনের মাধ্যমেে তাকে মুক্ত করতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির বলেছেন, বর্তমান সরকার মাদক জুয়ায় আসক্ত। ড্রাইভার পিওনকে দিয়ে জুয়ার আসর বসিয়ে দুই একজনকে গ্রেপ্তার করলেই সরকারের ইমেজ বাড়বে না। ইমেজ বাড়াতে হলে অবাদ সুষ্ঠু নির্বাচন দিন।
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, দেড় বছরের অধিক সময় ধরে খালেদা জিয়া কারাগারে বন্দী আছেন। বয়স বিবেচনায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া সম্ভব হলেও হিংসা ও ষড়যন্ত্রের কারনে তিনি মুক্তি পাচ্ছেন না।
দেশে ন্যায় বিচার অনুপস্থিত উল্লেখ করে সবাইকে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির আহবান জানান লুনা।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি নতুন কর্মসূচি দাবি করেছেন বিএনপির সিলেটের নেতারা। সিলেট বিএনপির নেতারা ইলিয়াস আলীর সন্ধানও কামনা করেন।
সিলেট মহানগর, জেলা ও বিভাগের সকল নেতাই তাদের বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি সরকার পতনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণার আহবান করেন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহরিয়ার হোসেন, বর্তমান সভাপতি নাসিম হোসেন ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও সমাবেশে বক্তব্য দেন স্থানীয়, জেলা, মহানগর, বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।
বেলা ৩টা ৩৪ মিনিটে সমাবেশস্থলে আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।পরে সমাবেশে বক্তব্য প্রদান করেন তাঁরা।
এর আগে বেলা আড়াইটার দিকে শুরু হয় বিএনপির বিভাগীয় সমাবেশ।
বেলা ১টা থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

মহাসমাবেশের আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতৃবৃন্দ হজরত শাহজালাল ও হজরত শাহ পরাণের মাজার জিয়ারত করেছেন। দুপুর ১২টায় বিএনপি নেতৃবৃন্দ শাহজালালের মাজার ও দুপুর ১টায় শাহ পরাণের মাজার জিয়ারত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি