সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : প্রধানমন্ত্রীর ভারত সফরের পর দেশের মানুষ বার বার হতাশ হয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে গেছেন। তাদের সঙ্গে এই সরকারের নাকি সুউচ্চ সম্পর্ক। প্রধানমন্ত্রী যতবার ভারত যান বার বার আমরা হতাশ হই। আমাদের মূল সমস্যাগুলোর কোনও সমাধান হয় না। কিন্তু দিয়ে আসি একেবারে উজাড় করে।
বৃহস্পতিবার (০৩ অক্টো) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, আমরা সব সময় আশা করে থাকি, কিন্তু সীমান্ত হত্যা সমস্যার সমাধান হয় না, তিস্তার পানির সমস্যার সমাধান হয় না, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় আমাদের বন্যা হয়ে যায়, সেই সমস্যাও সমাধান হয় না। বাণিজ্যের মধ্যে ভারসাম্যহীনতা দুর হয় না। এরপরও জনগণ আশা করে, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে। সীমান্তে যেন হত্যা বন্ধ হয়ে যায়।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি করে বিএনপি মহাসচিব বলেন, কারো অনুকম্পায় খালেদা জিয়া মুক্ত হবেন না। তার যে হক, ন্যায্য অধিকার, জামিন পাওয়ার অধিকার, সেই অধিকারেই মুক্ত হবেন। বেআইনি ও মিথ্যা মামলা দিয়ে আর যাইহোক, খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না। জনগণ অবশ্যই আন্দোলনের মধ্যদিয়ে তাদের নেত্রীকে বের করে নিয়ে আসবে।
মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এটাই তাদের ইতিহাস। তাদের চরিত্রের মধ্যে গণতান্ত্রিকতা বলে কিছু নেই। তাদের আছে একনায়কতন্ত্র, ক্ষমতাকে কুক্ষিগত করা ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।
Design and developed by ওয়েব হোম বিডি