সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : বরিশাল ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সাগরদী আলিয়া মাদরাসা এলাকায় ট্রাকের সঙ্গে মাহিন্দ্র গাড়ির (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) ও তার ছেলে শিপন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।
নিহত দেলোয়ারা বেগম (৬০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী ও শিপন তাদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি মাহিন্দ্র গাড়িতে করে রুপাতলীর দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দেলোয়ারা বেগম ও হাসপাতালে নেওয়ার পর তার ছেলে শিপনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও চারজন।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
এদিকে, শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ শহরের লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।
তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলা শহর থেকে একটি মাহেন্দ্র গাড়ি যাত্রী নিয়ে কালীগঞ্জে যাচ্ছিলো। পথে লাউদিয়া এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র থেকে ছিটক রাস্তায় পড়ে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনউদ্দিন বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি