আবারও ট্রেন দুর্ঘটনা: আগুনে পুড়ল রংপুর এক্সপ্রেসের ৫ বগি

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

আবারও ট্রেন দুর্ঘটনা: আগুনে পুড়ল রংপুর এক্সপ্রেসের ৫ বগি

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে আগুন ধরে যায় ইঞ্জিনসহ ৫ বগিতে। আতঙ্কিত ট্রেনের যাত্রীরা দ্রুত জানালার কাচ ভেঙে এবং দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজন রেলকর্মীও রয়েছেন। তাদেরকে স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনও যাত্রী মারা যাবার খবর পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ কারণে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

 

জানা গেছে, রংপুর মিটার গেজের এই এক্সপ্রেসটি ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল। উল্লাপাড়া লেভেল ক্রসিংয়ের ৫০ মিটার দূরে রেলপথ পরিবর্তনের স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে লাইনচ্যুত ৭টি বগির মধ্যে দু’টি বগি মূল রেলপথ থেকে অন্ততঃ ১৫ মিটার দক্ষিণ দিকে চলে যায়। ট্রেনে মোট ১৪টি বগি ছিল।

Manual4 Ad Code

 

ঘটনার পরপরই উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সিরাজগঞ্জ ও কামারখন্দ ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানো এবং উদ্ধার অভিযানে অংশ নেয়। উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের মালামাল সংরক্ষণের জন্য ট্রেনটি ঘিরে ফেলে।

Manual7 Ad Code

 

সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের উপ-পরিচালক মঞ্জিল হক ঘটনাস্থলে জানান, দুর্ঘটনার পর আধা ঘন্টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে কোনও যাত্রীর মরদেহ ট্রেনে পাওয়া যায়নি। কিছু যাত্রী আহত হয়েছে, তাদেরকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য নিয়ে গেছে।

Manual4 Ad Code

 

উল্লাপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, দুর্ঘটনার পরে প্রথমে রংপুর এক্সপ্রেসের উল্টে যাওয়া ইঞ্জিনে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত পার্শবর্তী বগি গুলোতে ছড়িয়ে পড়ে। ৩টি বগির শতকরা প্রায় ৬০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অপর ২টি বগি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

Manual5 Ad Code

 

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তারা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান এবং ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন। ঘটনার পরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ও পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম দুর্ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সহযোগিতা করেন।

 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, ট্রেনের ড্রাইভার সহ ৫/৬ জন রেলকর্মী আহত হয়েছেন। এদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলপথের ত্রুটির কারণে এবং সিগন্যাল ভুলের কারণে ট্রেনটি দুর্ঘটনায় কবলিত হয়। তবে উল্লাপাড়া স্টেশনে দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম সিগন্যাল ভুলের বিষয়টি অস্বীকার করেন।

 

তিনি জানান, রেলপথের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

 

পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান জানান, ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিকভাবে বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code