সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : ক্যাসিনোকাণ্ডে গত ২০ অক্টোবর যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। এক মাস পর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেখ ফজলে শামস পরশ। এরপরই পরশকে ঘিরে সাধারণ মানুষের কৌতুহল বাড়ছে।
শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। তার ছোট ভাই এমপি শেখ ফজলে নূর তাপস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফু।
পরশের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনিও যুবলীগের চেয়ারম্যান ছিলেন। ক্যাসিনোকাণ্ডে পদ হারানো ওমর ফারুক চৌধুরীও পরশের ফুপা। তিনি আগামী ৩ বছর যুবলীগের নেতৃত্বে থাকবেন।
১৯৭৫ সালের ট্রাজেডিতে মা-বাবাকে হারান পরশ। তিনি রাজধানীর ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পিএইচডি ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে। তিনি দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।
তাকে রাজনীতির মাঠে দেখা যেত না, যদিও রাজনৈতিক পরিবারের সন্তান। ছোট ভাই শেখ ফজলে নূর তাপসের ভোটের প্রচারেও তাকে তেমন দেখা যেত না।
সম্প্রতি ভাবমূর্তি সঙ্কটে পড়ে বাবার প্রতিষ্ঠা করা যুবলীগ। ফুপু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠনের ভাবমূর্তি উদ্ধারে রাজনীতিতে সক্রিয় হলেন পরশ। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। পরশ যুবলীগের চেয়ারম্যান হচ্ছেন বলে আগেই গুঞ্জন ছিল।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুবলীগের সপ্তম সম্মেলন শুরু হয়। বিকাল ৪টার দিকে যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণাটি দেন।
সম্মেলন স্থলে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সম্মেলন শুরু হওয়ার আগে সকাল ১০টার পর ভাই শেখ ফজলে নূর তাপস ও চাচা শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে সমাবেশ স্থলে আসেন পরশ। ঝাঁকড়া চুলের দীর্ঘদেহী মানুষটি যখন মূল মঞ্চের দিকে যেতে থাকেন তখন জাতীয় নেতারা তাকে অভিনন্দন জানান।
তিনি মূল মঞ্চে উঠেই সবার সঙ্গে কুশল বিনিময় করে প্রথম সারির পাঁচটি চেয়ারের একটিতে বসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশের এক চেয়ার পরেই বসেছেন পরশ। যখন পরশ মঞ্চের দিকে আসেন তখন নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এমন অনেকেই বলতে থাকেন যুবলীগের আগামী চেয়ারম্যান এসে গেছেন। মঞ্চে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখা যায় পরশকে নিয়ে মঞ্চের সামনে বসে থাকা নেতাকর্মীদের উদ্দেশে কিছু বলছেন। শেষ পর্যন্ত পরশই হলেন যুবলীগের চেয়ারম্যান।
Design and developed by ওয়েব হোম বিডি