সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
মেইল ডেস্ক : দেশজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতে কাঁপছে নগর জনপদ। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা বাতাসের প্রবাহ থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হলে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। এদিকে, রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। সূর্যের দেখা মেলে নি সারাদিনেও।
কুয়াশায় দৃষ্টি সীমা কমে গেলে পদ্মা নদীতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিসহ নৌযান চলাচল বিঘ্নিত হয়েছে। ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল চার ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পুনরায় শুরু হয়েছে।
এর আগে ঘনকুয়াশায় শনিবার ভোররাত ৪টা থেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।এতে ঘাটে আটকা পড়ে অনেক যানবাহন।
তাছাড়া, ঘন কুয়াশায় ব্যাহত হয়েছে বিমান চলাচল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশার কারণে শনিবার ভোর ৪টা থেকে প্রায় পাঁচঘন্টা ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ বন্ধ ছিল। এ কারণে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করে। শনিবার বেশকিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, রাজধানী ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমে শনিবার সকালের সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে চুয়াডাঙ্গা জেলায় শুক্রবার। ওদিকে, শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ ফাতেমা বেগম গতকাল রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত বুধবার রাত থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমেল বাতাসের সঙ্গে যোগ হয়েছে কুয়াশার দাপটও। বৃহস্পতিবার থেকে সারা দিন একবারও সূর্যের দেখা মিলছে না। শীত এবং কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনভর চারপাশ ঢেকে থাকছে কুয়াশায়। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছে না।
শীতের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। কুয়াশায় যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় রাজধানীর বাজারের তরিতরকারি ও শাকসবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
Design and developed by ওয়েব হোম বিডি