সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২
ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিনেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাহ হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনাম একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জল হোসেন মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে।
বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
এদিকে, বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে রাজন মিয়া নামে ২৭ বছর বয়সী এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মিরপুর ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার বাসিন্দা।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক রাজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি