সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচংয়ে ছেলের শিলের আঘাতে মা নিহত হয়েছেন। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৫৪)। তিনি ওই গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।
সোমবার (২৬ জুন) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক পুত্র রিপন মিয়া তার স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে গেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নারীর বড় পুত্র রিপন মিয়া (২৩) বিয়ে করে পৃথকভাবে একই বাড়িতে বসবাস করে আসছিল।তারপরও রিপনের স্ত্রীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে নিহত শাশুড়ি রাবেয়া বেগমের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে গত রোববার (২৫ জুন) বিকাল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রী ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসে।
ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে বড় ভাই রিপন এগিয়ে এসে শিপনকে মারপিট করে। এক পর্যায়ে রিপন ছোট ভাই শিপনকে শিল দিয়ে আঘাত করলে আঘাতটি লাগে নিহত রাবেয়া বেগমের কপালে। এতে মা রাবেয়া বেগম গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে হাসপাতালেই মৃত্যু হয় রাবেয়া খাতুনের।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছোটন কান্তি তালুকদার। তিনি জানান, আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি শাশুড়ি-বৌয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। ছোট ছেলে মায়ের পক্ষ নেওয়ায় বড় ছেলে বৌয়ের পক্ষ নিয়ে ছোট ভাইকে মারতে গিয়ে শিল উড়িয়ে মারে রিপন মিয়া।আর সেই শিলের আঘাতে তার মা আহত হন। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফীন এর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি