সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। এতে শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দায়েরকৃত দুই মামলার প্রতিটিতে ৬০০-৭০০ অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই খোরশেদ আলম পুলিশ অ্যাসল্ট ও এসআই ওয়াহেদ গাজী বিস্ফোরক আইনের মামলায় বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
।আরও পড়ুন
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ আহত হন। আহত ওসিকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশংকাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার তাকে দেখতে হবিগঞ্জ থেকে বিএনপি একটি দল যায়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এছাড়াও পুলিশের ছোড়া রাবার বুলেটে আরো শতাধিক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হবিগঞ্জে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রোববার বিকালে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ ঘিরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
(সুরমামেইল/এমএকে/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি