সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩
গুরুতর আহত গৃহবধূকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে (বাঁয়ে), পুলিশের হাতে আটক ঘাতক স্বামী (ডানে)।
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে স্বামীকে ছেড়ে আরেকটি বিয়ে করার অভিযোগে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর হাত-পা কেটে আলাদা করে দিয়েছেন ঘাতক স্বামী। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং গ্রামের খেলার মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
আটককৃত ঘাতক স্বামী সুজন মিয়া ওই উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং এলাকার আহম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ছনখলা গ্রামের আব্দুল রশীদের মেয়ে আকলিমাকে বিয়ে করেন সুজন মিয়া। তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনে একে একে ৭ ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে। কিন্তু পারিবারিক অভাব-অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শনিবার সন্ধ্যায়ও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে আকলিমাকে কুপিয়ে বাম হাত ও বাম পা আলাদা করে পালিয়ে যায় স্বামী সুজন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল স্থানীয় ইউপি সদস্য ছালেক মিয়াসহ এলাকাবাসীর সহযোগিতায় সুজন মিয়াকে আটক করে।
তবে আকলিমার ৭ ছেলে-মেয়ে ও তাকে রেখে আরও দুটি বিয়ে করেছেন। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে দিয়েছেন বলে দাবি স্বামী সুজনের।
এদিকে আকলিমার মেজ মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তাদের মাকে নির্যাতন করতেন।
তানজিনা আহাজারি করে বলেন, বাবা আমাদের ভরণপোষণ করে না। মা-ই আমাদের একমাত্র ভরসা। আমার বাবা সেই মায়ের হাত-পা কেটে দিয়েছে। এখন আমরা কেমনে বাঁচুম। এ সময় তার পাশে আকলিমার আরও ৪ সন্তান বিলাপ করছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, স্ত্রীর হাত-পা কাটার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
(সুরমামেইল/এমএকে/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি