সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিনদিন পর মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তিনি জানান, শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশী চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে তথ্য নিয়ে তাকে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমন্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যায়। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। হাজতখানা থেকে পুলিশ পাহারায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। মুহুর্তের মধ্যেই আদালতপাড়ায় হৈ হুল্লুড় শুরু হয়। এরপর পুলিশ আসামি ধরতে আশপাশে তল্লাশী শুরু করে।
এরআগে গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্র প্তার করে র্যাব-৯।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬৪ বোতল ফেন্সিডিল। সে মাধবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। রাজু একজন পেশাদার মাদক কারবারি।
(সুরমামেইল/এমএকে/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি