সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বুধবার (০৬ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া পত্রে বলা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে নির্বাচনি জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত এটি একটি জনাকীর্ণ বাজার। দ্বিতীয়ত নির্বাচনি সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ ওই বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত নির্বাচনি সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।
ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। ৭ ডিসেম্বরের মধ্যে ব্যারিস্টার সুমনকে এই কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পত্রে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি