সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় স্থান অর্জন করেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের তাজওয়ার হাসনাত ত্বোহা। তিনি রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ঘোষিত ফল অনুযায়ী, এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।
ত্বোহার বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর গ্রামে। তার বাবা তোফায়েল আহমেদ রাইজিংবিডিকে জানান, ত্বোহা সিলেট বোর্ড থেকে এসএসসি ও ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিভাগ থেকে দুই পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। তার বাবা ও মা শামছুন্নাহার বেগম উভয়ই শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি অফিসের আওতাধীন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
এ বছর মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫০। তিনি হলিক্রস কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। গত ৯ ফেব্রুয়ারি সারা দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি