সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে প্রলয় ও সুর্য অন্যান্য শিশুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রলয় ও সুর্য সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়৷ এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পরে স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে সুরতহালের প্রতিবেদন তৈরি করা হয়েছে৷ ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য তাদের পরিবার আবেদন করেছেন।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি