সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৬
বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছেন আপন পিতা। এ ঘটনার পর থেকে তার বাবা পলাতক রয়েছেন।
নিহতের নাম রায়কা আক্তার রিয়া (১৭)। তিনি গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের বাসিন্দা আবু বক্করের মেয়ে।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে কিশোরীর নানার বাড়িতে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে- কিশোরী রায়কা আক্তার রিয়া গত তিন-চার মাস ধরে তাঁর নানা বাড়িতে অবস্থান করছিলেন। আবু বক্কর শুক্রবার সেখানে যান। দুপুরের দিকে নানাবাড়ির পুকুরে গোসল করতে যায় রিয়া। এতে আপত্তি জানান বাবা আবু বক্কর। এক পর্যায়ে ধারালো দা দিয়ে মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় রিয়া।
বিয়ানীবাজার থানার ওসি মাহফুজুল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত পিতা আবু বক্কর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এমকেএ)
Design and developed by ওয়েব হোম বিডি