সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল দ্রব্য পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ও বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়। তবে মৃত্যুর খবরটি প্রকাশ পেয়েছে শুক্রবার (৩১ জুলাই)।
নিহতদের মধ্যে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা।
মৃত অন্যরা হলেন- লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাঁচজন লাখাই উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে অ্যালকোহল জাতীয় তরল দ্রব্য কিনে নিয়মিত নেশার উদ্দেশ্যে সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল দ্রব্য সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে সবাই মারা যান। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে সুজিতের মৃত্যু হয়। আর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যান সুবেদ। রঞ্জিত মারা যান ঢাকায় নেয়ার পথে। এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস নিজ গ্রামেই মারা যান।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তারা পুলিশকে না জানিয়েই মরদেহগুলো দাহ করেছেন। এর মধ্যে সুদেব দাস নামে একজনের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মদের উৎস ও এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি