সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
রোববার (২ আগস্ট) সকাল থেকে সোমবার (৩ আগস্ট) সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মৃত্যু হয়।
সোমবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।
মৃতরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা সাব্বিরের ছেলে ছয় মাস পাঁচ দিন বয়সি রেজওয়ান আহমদ এবং একই জেলার সদর উপজেলার বাসিন্দা একলাছুরের ছেলে ছয় মাস বয়সি ইব্রাহিম।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে সোমবার সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছিল। বাকী ১১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৭০৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি