সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন একটি ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের মূল লক্ষ্য এই অবদানকে ৫০ শতাংশে উন্নীত করা।’
তিনি আরও জানান, ‘বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় অধিক জ্বালানি-নির্ভর শিল্পের বদলে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।’
শিল্প খাতের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের টেকসই সমাধানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘দেশে দৈনিক সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সৌরশক্তির সর্বত্তম ব্যবহার সম্ভব, যা স্টোরেজ সুবিধার মাধ্যমে সন্ধ্যার পিক আওয়ারেও বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। সরকার গৃহীত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতের লোডশেডিং সংকট অনেকাংশে কেটে যাবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্লটগুলোতে গ্যাস ও বিকল্প জ্বালানি হিসেবে রাইস হাস্ক (ধানের তুষ) ও কয়লা ব্যবহারের রূপরেখা তৈরি করা হচ্ছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন চালু হওয়া এই সেন্টারে সিলেটে উৎপাদিত ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির সুবিধা থাকবে, যা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের বিশ্বব্যাপী প্রচার ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(সুরমামেইল/এনআই)
Design and developed by ওয়েব হোম বিডি