সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে মোগলাবাজার থানার ৪২ নম্বর ওয়ার্ডের পারাইচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার রাতে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের পাকা সড়কে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির একদল নেতাকর্মী জড়ো হন।
পুলিশের দাবি, একটি নোহা গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে এসে তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যান।
অভিযানকালে ঘটনাস্থল থেকে নাশকতায় ব্যবহারের অভিযোগে একটি নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) এবং আগুনে পোড়ানো টায়ার জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে মো. সেলিম আহমেদ (৩১), সিলেট কোতোয়ালী থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ (রহ.) থানার দলইপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মো. তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২) এবং তালতলা নীলিমা-৮ এলাকার বাবুলের ছেলে বাদল আহমদ (২৫)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি