সুরমা মেইলঃ জাতীয় দলের হয়ে ভালো করলেও ‘এ’ দলের হয়ে টানা ব্যাটিং ব্যর্থতা দেখাচ্ছেন সৌম্য সরকার। ভারত সফরে ব্যর্থ হবার পর দক্ষিণ আফ্রিকা সফরও শুরু করেন ব্যাটিং ব্যর্থতায়। যার ফলাফল আইরিনে ভিলেজার্স ক্লাবের বিপক্ষে ৪ উইকেটের পরাজয়। একদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে এদিন মাত্র ৮ রানে ফিরে যান দলের অন্যতম ব্যাটিং স্তম্ব ওপেনার সৌম্য সরকার।
সোমবারের এ ম্যাচে টসে হেরেও প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ২৭২ রান তুলতে সক্ষম হয় সফররত বাংলাদেশ ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে।
এছাড়া লিটন কুমার দাস ৩৯ রান করেন। তবে শেষ দিকে কাজের কাজ করেন মাহমুদুল হাসান ও সাদমান। ৪৩ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে। সাদমান করেন ৩৮।
জবাবে মুনসামির ঝড়ো গতির ৮৪ ও নাইডুর ৬৫ রানের ইনিংসের ওপর ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় আইরিনে ভিলেজার্স ক্লাব। মুসামির ইনিংসটি ছিল ১০টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো। বাংলাদেশি ডানহাতি পেসার আল-আমিনের ৫ উইকেট শিকারও রুখতে পারেনি ‘এ’ দলের টাইগারদের হার।